প্রাচীন সভ্যতার দেশ মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক গবেষণা সম্মেলনে প্রথম স্থান অর্জন করে নতুন গৌরবের দিগন্ত উন্মোচন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী হোসাইন তানবীর। তিনি অংশ নেন ‘৯ম এমআইএসআর মেডিকেল ইন্টিগ্রেটেড স্টুডেন্টস রিসার্চ কনফারেন্সে’ এবং প্রায় ১০০টি গবেষণা প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষস্থান অর্জন করেন। কায়রোতে ১ ও ২ এপ্রিল আয়োজিত এই সম্মেলনে আইন শামস, কায়রো ও আলেক্সজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আইন শামস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী তানবীরের এই সাফল্য প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে বিভিন্ন দেশের মেধাবী মেডিকেল শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী গবেষণা, বৈজ্ঞানিক অবদান ও সৃজনশীল চিন্তাধারা উপস্থাপন করেন, যা তরুণ গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আতাউল হক। রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতিনিধি হিসেবে তিনি বিজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও তানবীরের এই অর্জন নিয়ে ব্যাপক উৎসাহ ও গর্বের অনুভূতি দেখা গেছে।

