প্রধান খবর

সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে বাউ’ ৮৩ ব্যাচের গ্লোবাল রিইউনিয়ন

অস্ট্রেলিয়ার সিডনিতে রঙিন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (বাউ) ১৯৮৩ ব্যাচের গ্লোবাল রিইউনিয়ন। “বাউ’ ৮৩ গ্লোবাল রিইউনিয়ন, গ্র্যান্ড ডিনার অ্যান্ড গালা নাইট ইন সিডনি” শিরোনামে আয়োজিত এই বিশেষ পুনর্মিলনী ৩ থেকে ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী চলছে। প্রথম দিন অংশগ্রহণকারীরা সিডনির বিখ্যাত অপেরা হাউজ, হারবার ব্রিজ, ম্যানলি এবং বারাঙ্গারু ঘুরে আনন্দঘন সময় কাটান।

এই আন্তর্জাতিক পুনর্মিলনীতে বাংলাদেশ, নিউজিল্যান্ড, কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ১৯৮৩ সালে স্নাতক সম্পন্ন করা প্রখ্যাত কৃষিবিদরা। ঢাকা, ময়মনসিংহ ও পটুয়াখালী ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয়েছে স্মৃতি, বন্ধুত্ব ও পেশাগত সাফল্যের এক অনন্য মিলনমেলায়।

সন্ধ্যায় মিন্টুর জমিদার বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে নৈশভোজের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং আন্তরিক আলাপচারিতায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকরা জানান, গত ২ এপ্রিল কৃষিবিদ করিম ইকবালের বাসভবনে নৈশভোজের মাধ্যমে এই গ্লোবাল রিইউনিয়নের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী আয়োজনে রয়েছে গ্র্যান্ড ডিনার, গালা নাইট, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক মতবিনিময়ের নানা আয়োজন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের গ্লোবাল পুনর্মিলনী শুধু প্রাক্তন শিক্ষার্থীদের ব্যক্তিগত সম্পর্ককে আরও দৃঢ় করে না, আন্তর্জাতিক পর্যায়ে কৃষি খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগও সৃষ্টি করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *