শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধে নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি বলেন, এনএসআই, কাস্টমস ও অন্যান্য সংস্থার সমন্বিত তৎপরতা এখন আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের লাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দ করা কার্টনের বিপরীতে আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। পুরো চালানটি ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম অনুযায়ী জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর তদারকি ছাড়া আমদানি নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকানো সম্ভব নয়, তাই অভিযান আরও জোরদার করা হবে।

