ইতালি তাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের অংশ হিসেবে বর্তমানে তুরস্কের তৈরি ‘বায়কার’ কোম্পানির Bayraktar TB-3 কমব্যাট ড্রোন (UCAV) ক্রয়/সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে। ইতালির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জিউসেপ্পে বেরুত্তি বার্গোত্তো সম্প্রতি দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন যে, ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এবং তুরস্কের বায়কার কোম্পানির মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ইতালির চাহিদা অনুযায়ী এই ডেডিকেটেড ড্রোন সংগ্রহ করা হবে। বিশেষ করে ন্যাটো মহড়া ২০২৬ এ এই ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন মিত্র দেশের নজর কেড়েছে।
পরিকল্পনা অনুযায়ী, Bayraktar TB-3 ড্রোনগুলো ইতালির ফ্ল্যাগশিপ লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার ITS Cavour-এ মোতায়েন করা হবে। বিশেষ করে স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে টেকঅফ ও ল্যান্ডিং সক্ষমতার কারণে এই ড্রোনটি বিশেষভাবে নৌবাহিনীর জন্য খুবই উপযোগী হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখযোগ্য যে, TB-3 কমব্যাট ড্রোনের প্রথম সফল ফ্লাইট সম্পন্ন করা হয় ২০২৩ সালের ২৭ অক্টোবর। এছাড়া, এর বেশকিছু ইউনিট ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
তুরস্কের বায়কার কোম্পানির তৈরি এই নতুন প্রজন্মের ড্রোনটি মূলত TB-2 প্ল্যাটফর্মের একটি উন্নত নেভাল সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে। এতে আধুনিক রাডার, ইমেজিং সেন্সর এবং বহুমুখী অস্ত্র বহনের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এটিকে একাধারে সমুদ্রভিত্তিক ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স, রিকনাইসান্স (ISR) এবং নির্ভুল আঘাত হানার মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। ইন্দোনেশিয়া ৬০টি এই জাতীয় কমব্যাট ড্রোন ক্রয়ের জন্য গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কের সাথে চুক্তি করে।
TB-3 ড্রোনটির দৈর্ঘ্য ৮.৩৫ মিটার, উচ্চতা ২.৬ মিটার এবং উইং স্প্যান প্রায় ১৪ মিটার। এর সর্বোচ্চ টেক-অফ ওজন প্রায় ১,৪৫০ কেজি এবং এটি সর্বোচ্চ ২৮০ কেজি পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।
এই ড্রোনের ম্যাক্সিমাম অপারেশনাল রেঞ্জ প্রায় ১,৯০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে আকাশে উড্ডয়ন করতে পারে। এছাড়া এর সর্বোচ্চ পে-লোড ক্যাপাসিটি প্রায় ২৮০ কেজি।
এই ড্রোনে ছয়টি হার্ডপয়েন্টে বিভিন্ন ধরনের স্মার্ট মিউনিশন বহন করতে পারে। এর মধ্যে রয়েছে Roketsan-এর তৈরি MAM-L ও MAM-C প্রিসিশন গাইডেড মিউনিশন, ৭০ মিমি রকেট এবং লেজার-গাইডেড অস্ত্র।
উন্নত এভিওনিক্স সিস্টেম হিসেব এতে রয়েছে মাল্টি-মোড AESA রাডার এবং Aselsan-এর ASELFLIR-500 ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, যা নজরদারি ও লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া, ক্যারিয়ার অপারেশনের জন্য ড্রোনটির ডানা ভাঁজ করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে এবং এতে ব্যবহৃত হয়েছে TUSAŞ Engine Industries-এর তৈরি PD-170 বা PD-200 ইঞ্জিন, যা দীর্ঘসময় আকাশে টিকে থাকার সক্ষমতা প্রদান করে।
সব মিলিয়ে বলা যায়, তুরস্কের Bayraktar TB-3 ড্রোন সংগ্রহের উদ্যোগ ইতালির নৌ সক্ষমতায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং তা ভবিষ্যতে ক্যারিয়ার-ভিত্তিক আনম্যানড এয়ার কমব্যাট অপারেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
লেখা : সিরাজুর রহমান

