অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও বাজতে চলেছে বাঙালির প্রাণের উৎসবের সুর। আগামী ১১ এপ্রিল (শনিবার) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশীয় কমিউনিটির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ‘বৈশাখী মেলা ২০২৬’। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে এই বিশেষ উৎসবের আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন ভিক্টোরিয়া (ABAV)।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলবোর্নের ডানডেনং এলাকার বিখ্যাত ‘গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্স’ (Gloria Pyke Netball Complex) প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব চলবে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। এবারের মেলার মূল প্রতিপাদ্য হল- ‘Baishakhi Mela 2026 – South Asian New Year Festival’।
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে গান, নাচ এবং কবিতা। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে একটি জমকালো ‘লাইভ কনসার্ট’। এ ছাড়া দেশীয় খাবারের পসরা নিয়ে সাজানো হবে বিভিন্ন স্টল, যেখানে প্রবাসীরা পিঠা-পুলি ও ইলিশ-পান্তাসহ রসনাভৃতির স্বাদ নিতে পারবেন। তরুণ প্রজন্মের জন্য থাকছে বিশেষ ফ্যাশন প্রদর্শনী এবং শিশুদের জন্য বিনোদনমূলক জোন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন ভিক্টোরিয়ার প্রতিনিধিরা জানান, এই আয়োজন কেবল একটি উৎসব নয়; বরং বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি বলিষ্ঠ প্রচেষ্টা। তারা আশা করছেন, মেলবোর্ন এবং এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষ এই মিলনমেলায় শামিল হবেন।
পারিবারিক আবহে নববর্ষ উদযাপনের এই আয়োজনটি সফল করতে আয়োজকরা কমিউনিটির সকল স্তরের মানুষকে সবান্ধব আমন্ত্রন জানিয়েছেন। দক্ষিণ এশীয় দেশগুলোর অভিন্ন ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়ে এই বৈশাখী মেলা অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক (Multicultural) সমাজে এক অনন্য মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

