জমকালো গালা অনুষ্ঠানের ক্ষণগণনা যখন শুরু হয়ে গেছে, ঠিক তখনই সামনে এলো এক অপ্রত্যাশিত অঘটন। এ বছরের বিজয়ীর জন্য নির্ধারিত ‘লাক্স সুপার স্টার’ ট্রফিটি হঠাৎ করেই নিখোঁজ। সম্প্রতি উন্মোচন করা এই ট্রফিটি রাখা ছিল একটি সুরক্ষিত স্থানে, কিন্তু নিয়মিত তদারকির সময় আয়োজকদের নজরে আসে ট্রফিটি আর সেখানে নেই। এমন নিরাপদ জায়গা থেকে কীভাবে এটি উধাও হলো, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
ঘটনার গুরুত্ব বিবেচনায় কর্তৃপক্ষ দ্রুত নেমে পড়েছে তদন্তে। লাক্স বাংলাদেশ নিশ্চিত করেছে, রহস্যের জট খুলতে মাঠে নেমেছেন ওসি হারুন এবং জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। গালা অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধার করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
লাক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ঘটনার তদন্তে ওসি হারুন এবং আরেফিন শুভ কাজ করছেন। গালা অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে।”
এখন সবার মনে একটাই প্রশ্ন কাঙ্ক্ষিত সেই ট্রফি কি সময়মতো ফিরে আসবে? নাকি বিজয়ীর মাথায় উঠবে না সেই ঝলমলে সোয়ারোভস্কি ক্রিস্টালের মুকুট? এই রোমাঞ্চকর রহস্যের শেষ জানতে চোখ রাখতে হবে চ্যানেল আই-এর পর্দায়। আগামী ৩ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উন্মোচিত হবে সব জট।

