প্রধান খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনের নিয়োগ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা হলেন তানভীর গনি, বিজন কান্তি সরকার, ড. শাকিরুল ইসলাম খান শাকিল এবং সাইয়েদ বিন আব্দুল্লাহ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক, বিজন কান্তি সরকারকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক, ড. শাকিরুল ইসলাম খানকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এবং সাইয়েদ বিন আব্দুল্লাহকে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগ ও দায়িত্ব বণ্টন করেছেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে তানভীর গনি ও বিজন কান্তি সরকার প্রতিমন্ত্রী মর্যাদা পাবেন। শাকিরুল ইসলাম খান সচিব পদমর্যাদায় এবং সাইয়েদ বিন আব্দুল্লাহ গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।

তানভীর গনি এশীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপের চেয়ারম্যান হিসেবে পরিচিত। বিজন কান্তি সরকার বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান।

ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্তমানে জাপানের ওইটা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপনা করছেন। অন্যদিকে সাইয়েদ বিন আব্দুল্লাহ বিএনপি সরকার গঠনের পর কৃষক কার্ড ইস্যুতে একটি বৈঠকে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।

নতুন চার বিশেষ সহকারীর নিয়োগে সরকারের বিভিন্ন খাতে নীতি বাস্তবায়ন ও সমন্বয় আরও গতিশীল হবে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *