সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করেন।
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন। মামলার আবেদনে বলা হয়েছে, মন্ত্রীকে নিয়ে আমির হামজার মন্তব্য তার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
মামলাটি আদালতে গ্রহণযোগ্য হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন আদালতের পরবর্তী আদেশের দিকেই নজর সবার।

