প্রধান খবর

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হবে, যা হঠাৎ দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য।

এদিকে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *