ইরান থেকে নিক্ষিপ্ত ধারাবাহিক ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন অংশে ইরানের বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে, এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং রাডার সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র। তবে রাডার সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় ফ্লাইট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব হামলার কিছু অংশ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অবকাঠামোতেও আঘাত হানছে, যার সর্বশেষ উদাহরণ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর।

