নির্বাচনের আগে বিএনপি তাদের ইশতেহারে ক্রীড়াঙ্গনকে বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিল। দেড় মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হচ্ছে এবং ৩০ মার্চ প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড প্রদান করবেন। একই অনুষ্ঠানে গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য এনে দেওয়া ক্রীড়াবিদদের সম্মাননাও দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্যান্য খেলার খেলোয়াড়রা দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছেন। অনেকেই জীবিকার নিশ্চয়তা না পেয়ে খেলা ছেড়ে দেন, আবার কেউ কেউ বিদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করেন। নতুন ভাতা ব্যবস্থা চালু হলে এই প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ভাতার পরিমাণ এখনই প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী অনুষ্ঠানের দিন তা ঘোষণা করবেন। প্রতিমন্ত্রীর ভাষায়, এটি হবে সম্মানজনক একটি পরিমাণ, যা ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে এবং পরিবারগুলোও সন্তানদের ক্রীড়াঙ্গনে এগিয়ে দিতে উৎসাহিত হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

