ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। ইরানের দাবি, হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই এক অঘোষিত সফরে আমিরাতে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানান, আমিরাত ও ইউক্রেন প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য নতুন চুক্তিতে পৌঁছেছে। তার এই ঘোষণার পরপরই দুবাইয়ে ইউক্রেনীয় ড্রোন ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে ইরান।
এর আগে জেলেনস্কি সৌদি আরব সফর করেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী, ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেন সৌদি আরবকে সহায়তা করবে। ইরানের দাবি, দুবাইয়ে যে ডিপোতে হামলা চালানো হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের সেনাদেরও সহযোগিতা করছিল।
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

