সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ে গতকাল শুক্রবার রাতে প্রবল ঝড়-বৃষ্টি হয়। সেই সময় বজ্রপাত আঘাত হানে বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর। বজ্রপাতের তীব্রতা ছিল চোখে পড়ার মতো, তবে ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বজ্রপাতের মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
দুবাই ছাড়াও আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে একই রাতে ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমিরাতের আবহাওয়া দপ্তর। ২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলা বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশপাশে সমান উচ্চতার ভবন না থাকায় ঝড়ের সময় বজ্রপাতের আঘাত ভবনটির ওপর আসা স্বাভাবিক।
তবে এত বড় বজ্রপাতের পরও বুর্জ খলিফা অক্ষত থাকার কারণ লুকিয়ে আছে এর অবকাঠামোগত নকশায়। ভবনটির কাঠামো ইস্পাতে তৈরি এবং অত্যন্ত দৃঢ়। এর চূড়ায় স্থাপন করা হয়েছে একটি উচ্চ লাইটেনিং রড, যার প্রান্ত মাটির সঙ্গে সংযুক্ত। বজ্রপাত হলে সেই রডেই আঘাত লাগে এবং নিরাপদভাবে বিদ্যুৎ মাটিতে নেমে যায়। ফলে ভবনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় না।
বুর্জ খলিফার মালিকানা দুবাইয়ের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এমার প্রোপার্টিজের। ভবনটির নামে রয়েছে ১৫০ কোটি ডলারের বিমা। পর্যটকদের জন্য ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় অবজারভেশন ডেক রয়েছে, যা দুবাই ভ্রমণে অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।

