আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া নিজেদের প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তিন দলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪ যা আর্জেন্টিনা শিবিরে বাড়িয়েছে বাড়তি চাপ। অস্ট্রিয়া ঘরের মাঠে ঘানাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে, আর আলজেরিয়া গুয়াতেমালাকে বিধ্বস্ত করেছে ৭-০ ব্যবধানে। জর্ডান জয়ের দেখা না পেলেও ইনজুরি টাইমে গোল হজম করে কোস্টারিকার সঙ্গে ২-২ ড্র করেছে।
এই তিন দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, বিশ্বকাপের প্রতিপক্ষদের খেলা তারা পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিটি দলই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তার ভাষায়, টুর্নামেন্টের ফল নির্ধারণ হয়ে যায় ছোট ছোট মুহূর্তে, তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
গত বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের অভিজ্ঞতা স্মরণ করে স্কালোনি জানান, সেই ধাক্কাই তাদের আরও শক্তিশালী করেছিল এবং শেষ পর্যন্ত তারা শিরোপা জিতেছিল। এবারও সেই অভিজ্ঞতা প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রত্যাশিত জয় পেলেও স্কোরলাইন নিয়ে সন্তুষ্ট নন অনেকেই। র্যাংকিংয়ে ১১২ ধাপ পিছিয়ে থাকা এবং কখনো বিশ্বকাপ না খেলা দলের বিপক্ষে ২-১ গোলের জয় সমর্থকদের পাশাপাশি খেলোয়াড় ও কোচকেও ভাবাচ্ছে। একই দিনে প্রতিপক্ষদের গোল উৎসব আর্জেন্টিনার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

