প্রধান খবর

দীর্ঘ বিরতি শেষে রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। প্রায় এক মাসের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, কলেজ পর্যায়ে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ধারাবাহিক ছুটি শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাপ্তাহিক ছুটির সংযোজনে এ বিরতি আরও দীর্ঘায়িত হয়। ফলে ২৯ মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

একই ধারাবাহিকতায়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালন করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটি একই সময়ে সমাপ্ত হচ্ছে। এর ফলে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলছে।

দীর্ঘ বিরতির ফলে সৃষ্ট শিখনঘাটতি নিরসনে প্রাথমিক স্তরে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ধারাবাহিকভাবে ১০টি শনিবারও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে নির্ধারিত পাঠসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *