ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সাপ্তাহিক ছুটি আরেক দিন থাকলেও অনেকেই শুক্রবারই রাজধানীতে ফিরছেন কেউ অফিসের কারণে, কেউ ভিড় এড়াতে। কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনগুলো যাত্রীবোঝাই হয়ে প্ল্যাটফর্মে ঢুকছে। কারও হাতে লাগেজ, কারও সঙ্গে পরিবার সব মিলিয়ে স্টেশনজুড়ে ছিল উপচে পড়া ভিড়।
হাসান ইমাম নামে এক যাত্রী জানান, “ঈদের দিন বাড়ি গিয়েছিলাম। কাল থেকে অফিস, তাই আজই চলে এলাম।” ফিরতি পথে তেমন ভোগান্তি হয়নি।”
পরিবারসহ ঢাকায় ফেরা মাহবুবুর রহমান জানান, “শেষ সময়ে ভিড় বেড়ে যায়, তাই আজই ফিরলাম। টিকিট অনলাইনেই কাটা ছিল, কোনো ঝামেলা হয়নি।”
স্টেশনের পাশাপাশি জাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও একই চিত্র ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে। অনেকে শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেভাগেই ফিরছেন।
সব মিলিয়ে ঈদের পর ঢাকায় ফেরার যাত্রা এবার তুলনামূলক স্বস্তিদায়ক হলেও মানুষের ঢল স্পষ্টভাবে দেখা যাচ্ছে রাজধানীর সব পরিবহন কেন্দ্রে।

