প্রধান খবর

মেসির বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসি জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু নাটকীয়ভাবে শিরোপা জয়ের পরও আর্জেন্টিনা অধিনায়ক এখনো আকাশী-সাদা জার্সিতে মাঠ মাতাচ্ছেন। নতুন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭৬ দিন বাকি, মাঝেমধ্যে ইনজুরিতে পড়লেও মাঠে তার প্রভাব এখনো অটুট। তবুও তিনি এখনো নিশ্চিত করেননি আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না।

মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে গুঞ্জন উঠেছে এই ম্যাচে মেসিকে বেঞ্চে রাখা হতে পারে, কিংবা বদলি হিসেবে নামানো হতে পারে। আর ঠিক এই সময়েই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির মন্তব্যে আরও বাড়ল অনিশ্চয়তা।

স্কালোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল মেসি কি এই বিশ্বকাপে খেলবেন? জবাবে তিনি বলেন,“এটা তাকে জিজ্ঞাসা করার মতো প্রশ্ন।”

মেসির মানসিক ও শারীরিক অবস্থার ওপরই সবকিছু নির্ভর করছে বলে জানান স্কালোনি। তার ভাষায়: “আমি যতদূর জানি, আপনারাও জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। ফুটবলের ভালোর জন্য তার থাকা উচিত। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই।”

তিনি আরও বলেন: “শুধু আর্জেন্টাইনরা নয়, পুরো বিশ্বই তাকে দেখতে চায়। আমিও চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্ত নেবে সে নিজেই। আমরা জানি, সে দলের ও নিজের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। আমরা আশাবাদী সে থাকবে।”

মেসির নীরবতা, স্কালোনির সতর্ক মন্তব্য এবং সময়ের চাপ সব মিলিয়ে আর্জেন্টিনা শিবিরে এখনো দোলাচল। ভক্তরা অপেক্ষায় আছেন শেষ মুহূর্তের সিদ্ধান্তের জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *