মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান।
স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পূর্বনির্ধারিত কোনো সূচি ছাড়াই তার এই উপস্থিতি সংশ্লিষ্টদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ এই দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলা শুরুর প্রস্তুতির মধ্যেই হঠাৎ প্রধানমন্ত্রীর আগমন ঘটে, যা মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করে।
প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে প্রথমে ডাগআউটে যান এবং খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করেন। পরবর্তীতে তিনি অ্যাথলেটিক ট্র্যাক প্রদক্ষিণ করে ভিআইপি লাউঞ্জে অবস্থান নেন এবং সেখান থেকে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে তার প্রথম উপস্থিতি, যা সম্পূর্ণ অনির্ধারিতভাবে অনুষ্ঠিত হয়।

