চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের নতুন আলোচনা প্রত্যাখ্যান করে ‘প্রতিরোধ নীতি’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সায়্যেদ আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান আলোচনার পথে না গিয়ে সামরিক ও কৌশলগত প্রতিরোধ জোরদারে মনোযোগী। তার ভাষায়, আন্তর্জাতিক গ্যারান্টির ওপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ এবং তা দীর্ঘমেয়াদে সংঘাতের পুনরাবৃত্তি ঘটাতে পারে।
এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘাঁটি সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে উল্টো ঝুঁকি বাড়াচ্ছে। বিভিন্ন আঞ্চলিক দেশে হামলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে জড়িত না হয় এবং নিজেদের নিরপেক্ষ অবস্থানে রাখে। একইসঙ্গে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলাকে তিনি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, মিত্র দেশগুলোর জন্য নৌপথ উন্মুক্ত থাকলেও প্রতিপক্ষ দেশগুলোর ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

