মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় সৃষ্ট আগুন ২৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ইরানের ছোড়া দুটি ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা ও জ্বালানি ট্যাংকের কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও অল্পসংখ্যক ড্রোনের সফল আঘাত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করে। এ ধরনের হামলা প্রতিরোধে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠছে।
এদিকে, একই সময়ে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের একটি স্থাপনায় আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। এ ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

