রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে ঘটে এই দুর্ঘটনা। বাসটি নদীর প্রায় ৮০-৯০ ফিট গভীরে ডুবে যায় বলে জানিয়েছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
রাত ১০টার দিকে তিনি জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে প্রায় ৫০ ফিট ওপরে তুলেছে, তবে আরও ৩০-৪০ ফিট ওপরে তুলতে হবে। গভীরতা ও স্রোতের কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে উদ্ধার কাজ চলছে। বাসের জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারছেন না, ফলে পুরো বাসটিই টেনে তুলতে হচ্ছে।
দুর্ঘটনার পর তিনজনের নিথর দেহ ভেসে ওঠে। নিহত দুই নারী হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের রেহেনা আক্তার (৬০) এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের বিলিং সুপারভাইজার মর্জিনা বেগম (৫৬)। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটিতে আনুমানিক ৩৫-৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের দুই ডুবুরি, দুই সহকারী ডুবুরি এবং পাঁচ সদস্যের একটি বিশেষ দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। বাসটি পুরোপুরি তোলা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

