দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২৫ মার্চ) ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের গবেষণা-শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, এই উদ্যোগ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে নির্দেশনা পাঠানো হবে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল বৈষম্য কমানো, অনলাইন রিসোর্সে সহজ প্রবেশাধিকার এবং শিক্ষার্থীদের গবেষণা শেখার পরিবেশ উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সুবিধার সীমাবদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল। বিশেষ করে লাইব্রেরি ও সাধারণ শিক্ষার্থী ব্যবহৃত স্থানে নির্ভরযোগ্য সংযোগ না থাকায় পড়াশোনা ও গবেষণায় বাধা তৈরি হতো। ইউজিসির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাক্সেস উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

