প্রধান খবর

হরমুজ প্রণালিতে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটক ইরানের

হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা বাড়াল ইরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে এবার পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার প্রণালি পার হওয়ার সময় ‘সেলেন’ নামের পাকিস্তানি পতাকাবাহী জাহাজটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে ইরানের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী।

আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। কিন্তু হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় সেটিকে আটকানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাপ্টেন ও ক্রুদের ছেড়ে দেওয়া হলেও জাহাজটিকে প্রণালি পেরোতে দেওয়া হয়নি। আইআরজিসির নির্দেশে ‘সেলেন’কে ঘুরপথে ফিরে যেতে বাধ্য করা হয়।

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, জাহাজটি “আইনি প্রোটোকল মানেনি” এবং “প্রবেশের অনুমতি নেয়নি”, তাই তাকে হরমুজ প্রণালি থেকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। চলমান যুদ্ধের কারণে এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি ও উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর জাহাজ আটকানোর এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *