ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর জনপ্রিয়, বিদ্যুৎচালিত ও দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। রোববার (২২ মার্চ) সকাল থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়।
দুপুরে মতিঝিল স্টেশনে গিয়ে দেখা যায়, শতশত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথ পর্যন্ত পৌঁছে গেছে। বেশিরভাগ যাত্রীর গন্তব্য উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশন। টিকিট অফিসারদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ নেই।
কনকোর্স প্লাজা থেকে প্ল্যাটফর্মে উঠলে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে অপেক্ষমাণ মানুষের ভিড়। ট্রেন আসামাত্রই সবাই হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন। প্রতিটি কোচে অতিরিক্ত যাত্রী ঢুকে পড়ছেন। বসার আসন ছাড়িয়ে পুরো কোচজুড়ে দাঁড়িয়ে ভ্রমণ করছেন যাত্রীরা। অনেকেই গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভ্রমণের জন্য উত্তরার খোলামেলা জায়গাগুলো বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখানে নৌকা ভ্রমণ, ঘোরাঘুরি, নানা ধরনের রাইড ও খাবারের ব্যবস্থা থাকায় পরিবার–পরিজন নিয়ে অনেকেই সেদিকে যাচ্ছেন।
এ ছাড়া রাজধানীতে সড়কপথে যাতায়াত এখন ব্যয়বহুল। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অন্যান্য পরিবহনের তুলনায় মেট্রোরেল অনেকটাই সাশ্রয়ী ও দ্রুতগতির। ফলে দিন দিন এই পরিবহন ব্যবস্থার ওপর রাজধানীবাসীর নির্ভরতা বাড়ছে।

