এবারের ঈদে টানা সাত দিনের ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজারে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ, সমুদ্রের ঢেউ আর উৎসবের আমেজে মুখর পুরো সৈকত এলাকা।
নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি তাকে সবসময় বিমোহিত করে। ঈদের আনন্দ উপভোগ করতে তাই এবারও ছুটে এসেছেন এখানে। আরও দুই দিন থাকার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতো অসংখ্য পর্যটকের আগমনে হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই। হোটেল মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, আগামী ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং হয়ে গেছে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে পর্যটকের চাপ বেড়েছে, প্রায় সব হোটেলেই অতিথি রয়েছে। পর্যটকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং ন্যায্যমূল্য বজায় থাকে এ জন্য সব হোটেলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। সৈকতের প্রতিটি স্পটে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারে।

