এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল গতকাল (শনিবার) ভিয়েতনাম পৌঁছেছে। আজ দলের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীর ভিয়েতনামে যোগ দেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। তার আগমন দুই দিন পিছিয়ে ২৪ মার্চ বিকেলে পুনঃনির্ধারিত হয়েছে।
গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন। ফেডারেশনও একই তথ্য নিশ্চিত করেছিল। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন, দু’দিন পর হামজা দলে যোগ দেবে। সেই অনুযায়ী বাফুফে হোটেল রুমসহ সব ব্যবস্থা করে রেখেছিল।
তবে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে হামজার ভ্রমণসূচিতে। ফলে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিতে তাকে পেতে আরও অপেক্ষা করতে হবে কোচ হাভিয়ের ক্যাবরেরা ও তার দলকে।

