দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠে আয়োজিত এসব সিরিজের পূর্ণ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নাজমুল হোসেন শান্তদের সামনে থাকছে দুটি টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, ভেন্যু ম্যাকায়। এই সফর দিয়েই দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
অক্টোবরে শুরু হবে নারী দলের সফর। তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ এবং ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল।

