কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্ত হওয়া গেটম্যানরা হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন।
মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন গেটম্যান নিয়োগ দেওয়া হবে।” পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিভাগীয় এবং একটি আঞ্চলিক এমন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়াও চলছে।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও ৫ জন মারা গেলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, যা প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়। ট্রেন উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়।

