প্রধান খবর

ইউক্রেনে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা : প্রাণ হারালেন ৩৩ জন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার এক ভয়াবহ হামলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, চলতি বছরে একক কোনো হামলায় এটিই দেশটির সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ক্রামাতোরস্ক শহরের একটি জনবহুল এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যাত্রী বোঝাই দুটি বাসে মুহূর্তেই আগুন ধরে যায় এবং আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই দোনেৎস্কের পুলিশ ও উদ্ধারকারী দল হতাহতদের উদ্ধার করতে উদ্ধার অভিযান শুরু করে। তবে উদ্ধারকাজ চলাকালেই বেসামরিক নাগরিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় আবারও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।

দোনেৎস্কের প্রাদেশিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন এই আক্রমণকে সুপরিকল্পিত এবং নৃশংস বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট বানিয়ে হামলা চালাচ্ছে। একসঙ্গে অনেক মানুষকে হত্যা করার সুযোগ থাকায় যাত্রীবাহী বাসগুলোকে তারা সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে।

এই হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও প্রাণহানি এড়াতে ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দোনেৎস্ক অঞ্চলে অবস্থানরত সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, চলতি বছরের গত জুলাইয়ে রাজধানী কিয়েভে রুশ হামলায় ৩৩ জন নিহত হয়েছিলেন, যার পর আজকের এই ঘটনাটি আবার বড় ধরনের ট্র্যাজেডির সৃষ্টি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *