বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে বড় ধরনের রদবদল করেছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অপরাধ তদন্ত বিভাগ ও বিশেষ শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশকে পদোন্নতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিগবাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। অপরদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বিশেষ শাখার উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মো. আশরাফুর রহমানকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

