মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার বড় অংশ ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত অভিযানে কৌশলগত রাডারসহ বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামি রেভলুশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের নৌবাহিনী সমন্বিতভাবে চারটি মার্কিন বিমানঘাঁটিতে সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলা চালায়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট একযোগে বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।
ইরানের দাবি অনুযায়ী, এই অভিযানে আল-ধাফরা বিমানঘাঁটি, আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, আলি আল-সালেম ঘাঁটি এবং শেইখ ইসা বিমানঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ফ্লাইট নিয়ন্ত্রণ টাওয়ার, আকাশ প্রতিরক্ষা ডিপো এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ অভিযানে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, হামলায় মার্কিন কৌশলগত রাডার এবং অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালালে উত্তেজনা শুরু হয়। তারই প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

