প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামী ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ১৭ সেপ্টেম্বর সফরের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। সফর ঘিরে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার উন্নয়ন ও বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, ফেনী-বিলোনিয়া রেলপথ চালু এবং বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এসব দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানিয়েছেন। জেলা যুবদলের আহ্বায়ক নাসির খন্দকারও ফেনীতে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে একনেকে অনুমোদিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে এসএসএফ এবং পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *