ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য বজায় রেখেছিলেন। তবে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন বড় খবর। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্বীকার করেছেন, তিনি আর সিংগেল নন; বরং জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে ইতোমধ্যেই এনগেজড।
পডকাস্টে পূজা বলেন, এই প্রথমবার তিনি বিষয়টি প্রকাশ্যে বলছেন। এর আগে বহুবার নিজেকে সিংগেল বলেছেন, কিন্তু বাস্তবে তিনি সিংগেল ছিলেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদল বা বাগদানের অনুষ্ঠান হয়নি বলেও জানান তিনি।
পূজা চেরি আরও জানান, তার হবু জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তিনি মনে করেন, নিজের পেশার কাউকে জীবনসঙ্গী হিসেবে বিশ্বাস করতে পারেন না। তাই ব্যক্তিগত জীবন গড়তে তিনি মিডিয়ার বাইরের একজন মানুষকেই বেছে নিয়েছেন।
সংসার জীবনকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও উল্লেখ করেন পূজা। প্রয়োজনে সুখী দাম্পত্য জীবন বজায় রাখতে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও বলেন এই অভিনেত্রী। তার ভাষায়, অভিনয় তার ভালোবাসা হলেও সংসার টিকিয়ে রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এতে প্রথমবারের মতো তিনি অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড তারকা।

