প্রধান খবর

জেলেনস্কির বিমানকে লক্ষ্য করে ড্রোন, দাবি নরওয়ের প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান মলদোভা থেকে উড্ডয়নের সময় ড্রোনের কারণে বিপদের মুখে পড়েছিল বলে দাবি করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। তবে ইউক্রেনের একটি সূত্র এ হুমকিকে অতিরঞ্জিত বলে দাবি করেছে।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকেকে স্টোর জানান, মলদোভা থেকে উড্ডয়নের সময় জেলেনস্কির বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের মুখে পড়েছিল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। ড্রোনের সতর্কতায় মলদোভার আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

পরে মলদোভার ভূখণ্ডে একটি রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার পর জেলেনস্কির বিমান উড্ডয়ন করতে সক্ষম হয়। তবে নরওয়ের প্রধানমন্ত্রী ও মলদোভার মুখপাত্র যে ড্রোনের কথা বলেছেন, সেটি একই ড্রোন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, মঙ্গলবার একটি রুশ শাহেদ ড্রোন প্রায় এক ঘণ্টা মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় উড়েছিল। পরে সেটি মলদোভায় বিধ্বস্ত হয়। তবে ওই ড্রোনই জেলেনস্কির বিমানের কাছাকাছি গিয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *