প্রধান খবর

পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ জন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে এক হাজার ৬৮৪ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন এবং ফেল থেকে পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় এসব তথ্য জানান যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী। এবার ২৫টি বিষয়ে খাতা পুনর্নিরীক্ষণের জন্য মোট ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে।

নতুন করে পাস করা ৩৮০ শিক্ষার্থীর মধ্যে ৩২৪ জন ডি গ্রেড, ১৯ জন সি গ্রেড, ৩৩ জন বি গ্রেড, তিনজন এ মাইনাস এবং একজন এ গ্রেড পেয়েছে। এ ছাড়া বিভিন্ন গ্রেডের অনেক শিক্ষার্থীর ফল উন্নতি হয়েছে এবং নতুন করে ৭৩১ জন এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারই প্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। ভুলের জন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *