ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বাস্তবায়নাধীন দেশের প্রথম বড় আকারের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, অন্যদিকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর স্বীকৃতি পাবে বাংলাদেশ।
প্রকল্পটি থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্প ২০২৮ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা। সংশ্লিষ্টদের মতে, এতে আমিনবাজার ল্যান্ডফিল ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের বার্ষিক বড় অঙ্কের ব্যয়ও কমবে।
প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মিথেনসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো সম্ভব হবে। এ কারণে প্রকল্প থেকে বছরে প্রায় ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও প্রকৃত আয় নির্ভর করবে আন্তর্জাতিক বাজার, ক্রেডিটের মান ও সংশ্লিষ্ট নিয়মের ওপর।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রকল্পে চীনের সরাসরি বিনিয়োগ প্রায় ৬ হাজার কোটি টাকা। পরিবেশবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন ও নির্গমন হ্রাসের স্বাধীন যাচাই নিশ্চিত করা গেলে প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি উৎপাদন ও বাংলাদেশের ভবিষ্যৎ কার্বন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

