প্রধান খবর

এশিয়ার সেরা জীবনমানের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ওমান!

২০২৬ সালের Numbeo Quality of Life Index অনুযায়ী মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় দেশ ওমান এশিয়ার মধ্যে সর্বোচ্চ জীবনমানের দেশ হিসেবে ২০৭.৬ স্কোর নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। এর পাশাপাশি গ্লোবাল র‌্যাংকিংয়ে দেশটি চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ৮৯টি দেশের মধ্যে ২১৩.৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ডস।

Numbeo Quality of Life Index মূলত কয়েকটি সামাজিক-অর্থনৈতিক সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে দেশগুলোর নাগরিকদের নিরাপত্তা, ক্রয়ক্ষমতা, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবার মান, আয়-সম্পদের অনুপাতে বাড়ির মূল্য, যানজটের সময়, পরিবেশ দূষণ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক।

গত এক দশকে ওমান পরিকল্পিতভাবে দেশের নাগরিক নিরাপত্তা ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ জীবনধারা এবং স্থিতিশীল পরিবেশ গড়ে তুলেছে। ফলে দেশটি তার স্থায়ী নাগরিক ও প্রবাসীদের জন্য একটি অনুকরণীয় নিরাপদ ও আরামদায়ক জীবনযাপনের সুযোগ করে দিতে সক্ষম হয়েছে।

এই ইনডেক্সে ওমান এশিয়ায় শীর্ষ অবস্থানে থাকলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও ভালো অবস্থানে রয়েছে। কাতার বিশ্বে ১৮তম স্থানে রয়েছে ১৮২.৭ স্কোর নিয়ে। সংযুক্ত আরব আমিরাত ২৩তম স্থানে ১৭৫.৫ স্কোর নিয়ে। ইসরায়েল ১৭৬.৭ স্কোর অর্জন করেছে এবং সৌদি আরব ৩২তম স্থানে রয়েছে ১৬৫.৩ স্কোর নিয়ে।

তাছাড়া পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও মালয়েশিয়া নিরাপত্তা ও সুন্দর জীবনমানের জন্য প্রশংসনীয় অবস্থানে আছে। তবে বিশ্বের প্রভাবশালী ও উদীয়মান অর্থনীতির দেশ চীন ১৩৪.৮ স্কোর নিয়ে ৫৩তম অবস্থানে রয়েছে।

এদিকে কোয়ালিটি অব লাইফ ইনডেক্স বা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলো তুলনামূলকভাবে পিছিয়ে থাকার চিত্র ফুটে উঠেছে। এই তালিকায় ভারত ৬৩তম স্থানে রয়েছে ১২২.৩ স্কোর নিয়ে। পাকিস্তান ৭৮তম স্থানে ৯৮.৩ স্কোর নিয়ে। বাংলাদেশ ৮৭তম স্থানে রয়েছে ৭৩.৩ স্কোর নিয়ে এবং শ্রীলঙ্কা ৮৮তম স্থানে রয়েছে ৬১.০ স্কোর নিয়ে।

সার্বিকভাবে দেখা যায়, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো ক্রমেই নিরাপদ ও মানসম্মত জীবনযাপনের পরিবেশ তৈরি করছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলো এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও নাগরিক নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির বড় সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *