প্রধান খবর

‘সারা জীবন কৃতজ্ঞ থাকব’ মেসেজ পাঠিয়ে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে চালক উধাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি থেকে নগদ এক কোটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন তাঁরই নিজস্ব গাড়িচালক। যাওয়ার আগে ভুক্তভোগী ব্যবসায়ীর মুঠোফোনে একটি আবেগঘন খুদে বার্তা পাঠায় অভিযুক্ত চালক, যেখানে লেখা ছিল-‘আমি দুঃখিত স্যার… আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব।’ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ঘটনার পরদিন বুধবার (২ সেপ্টেম্বর) গাড়িচালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী গাজীপুরের ‘ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেড’-এর মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম। অভিযুক্ত চালক জাহিদ হাসান (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী চীনা নাগরিক ইউ শ্যালি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশে সফলতার সাথে পোশাক ব্যবসা পরিচালনা করে আসছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ওই চীনা ব্যবসায়ীর গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কারখানা থেকে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামিয়ে চালককে বাইরে রেখে খাবার খেতে ভেতরে যান ইউ শ্যালি। এই সুযোগে চালক জাহিদ গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেন।

খাওয়া শেষে ফিরে এসে গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ওই ব্যবসায়ী। কিছু সময় পর ইউ শ্যালির মুঠোফোনে জাহিদের একটি বার্তা আসে। বার্তায় তিনি লেখেন, “আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি… ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে… যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব।”

পরবর্তীতে ওই মেসেজের সূত্র ধরে রাজধানীর গুলশানের একটি কফিশপের পার্কিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় রূপগঞ্জ থানায় আনুষ্ঠানিক মামলা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তার ও চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযানে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *