দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি খাদ্যশস্য সংরক্ষিত রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ৩০ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুদের পরিমাণ ১৪ লাখ এবং সংকটকালে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারিত রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদা ছিল ৪ কোটি ২৩ লাখ মেট্রিক টন, বিপরীতে সরবরাহ হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৫২ হাজার মেট্রিক টন। একই সময়ে গমের চাহিদা ছিল ৮২ লাখ টন এবং সরবরাহ হয়েছে ৮৩ লাখ ৬৭ হাজার টন।

২০২৬-২৭ অর্থবছরে চালের চাহিদা প্রায় ৪ কোটি ২৬ লাখ এবং গমের চাহিদা ৮৩ লাখ মেট্রিক টন হতে পারে বলে খাদ্যমন্ত্রী জানান। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত ও বাজারদর স্থিতিশীল রাখতে সরকার ও বেসরকারি খাত চাল-গম আমদানি করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *