নারীবাদী আন্দোলনের অগ্রদূত গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান মুখ, লেখক ও সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। নিউইয়র্ক সিটিতে নিজের বাড়িতে স্বজন ও প্রিয়জনদের সান্নিধ্যে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয় বলে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন জানিয়েছে।

স্টেইনেম ৫০ বছরেরও বেশি আগে ‘উইমেনস অ্যাকশন অ্যালায়েন্স’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭২ সালে ‘মিস’ ম্যাগাজিনের সহপ্রতিষ্ঠাতা হিসেবে তিনি নারীর সমঅধিকার, প্রজননস্বাস্থ্য, সমান বেতন ও সামাজিক মর্যাদার মতো বিষয়ে শক্তিশালী জনমত গড়ে তোলেন।

সমলিঙ্গের বিবাহের বৈধতা, নারীর সমান অধিকার ও সমান বেতনের পক্ষে তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড ও নারী যৌনাঙ্গ বিকৃতকরণের বিরুদ্ধেও অবস্থান নেন। ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ রায়ের মাধ্যমে গর্ভপাতের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে সেই রায় বাতিলের ঘটনাও তিনি প্রত্যক্ষ করেন।

১৯৩৪ সালে ওহাইওর টলেডোতে জন্ম নেওয়া স্টেইনেম সাংবাদিকতার পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন। ভারতের গ্রামীণ নারীদের আন্দোলন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নারীবাদী আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি লেখালেখি ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *