দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের ভিত্তি গড়ে তুলছে। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ইতোমধ্যে কেনা হয়েছে। এসব সরঞ্জাম সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসারসহ দুর্যোগ মোকাবিলায় সরাসরি কাজ করা সংস্থাগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে।

আরও কিছু সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বেসরকারি খাতে থাকা উদ্ধার সরঞ্জামের তালিকাও তৈরি করা হয়েছে। দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জাম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *