প্রধান খবর

গোল্ডকোস্টে কুইন্সল্যান্ড নটরডেমিয়ানদের প্রাণের মিলনমেলা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চোখজুড়ানো গোল্ডকোস্টে বসবাসরত ঢাকাস্থ নটরডেম কলেজের প্রাক্তনীরা এক সুসংগঠিত ও আনন্দঘন প্রাতরাশ মিলনমেলায় একত্রিত হয়েছেন। গত ৩১ আগস্ট সকালে গোল্ডকোস্টের মনোরম ‘সালাসিয়া ওয়াটার্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এ ব্রিসবেন ও গোল্ডকোস্ট এলাকার নবীন-প্রবীণ নটরডেমিয়ানদের সমন্বয়ে এই প্রাণবন্ত আয়োজনের পর্দা ওঠে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ক্যানবেরা থেকে আগত অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন। মাননীয় হাইকমিশনার নিজেও মতিঝিল নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় তাঁর বিশেষ উপস্থিতি উপস্থিত নটরডেমিয়ানদের মাঝে বাড়তি আবেগ ও অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করে। যীশু দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ডা. সৈকত, আতিক ও খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিন নটরডেম জীবনের নানা হাস্যরসাত্মক ও আবেগঘন স্মৃতিচারণ তুলে ধরেন। হাইকমিশনার বুরহান উদ্দিন সবার সাথে কুশল বিনিময় করে নিজের কলেজজীবনের বর্ণিল স্মৃতিকথা সবার সাথে ভাগ করে নেন।

আনন্দ-আড্ডার বাইরে নটরডেম কলেজের বর্তমান শিক্ষার্থীদের নিরাপত্তা ও আকস্মিক জরুরি চিকিৎসাসেবা জোরদারে একটি বিশেষ মানবকল্যাণমূলক প্রস্তাব উত্থাপিত হয়। নটরডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট ডা. সাজিদুল ইসলাম নটরডেম কলেজ ক্যাম্পাসে দ্রুত জীবনরক্ষাকারী ‘ডিফিব্রিলেটর’ (Defibrillator) যন্ত্র স্থাপন ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটিতে অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিনসহ উপস্থিত প্রাক্তনীরা পূর্ণ সমর্থন জানিয়ে যৌথ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উক্ত আড্ডায় প্রবীণ মেরিন ইঞ্জিনিয়ার ইশতিয়াক আমিন পাপ্পু, সাহিত্যিক মোস্তাফিজুর রহমান টিটু, শিক্ষক দেওয়ান মুস্তাফিজুর রহমান, রিজার্ভ সেনাবাহিনীর সদস্য তাহসিন, ফেডারেল ডিরেক্টর তৌহিদ ও অর্থনীতিবিদ তারেক ইসলামসহ ২৩ জন নটরডেমিয়ান অংশ নেন। প্রাতরাশ শেষে অধ্যাপক ডা. আতিফুর রহমান জেরিনের বাসভবনে বিশেষ চা-চক্র এবং সুরম্য নদীতে নৈসর্গিক নৌভ্রমণের মধ্য দিয়ে প্রবাসে নটরডেমের ঐতিহ্য ও সৌহার্দ্য পুনরুজ্জীবিত করার এই অবিস্মরণীয় মিলনমেলা সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *