প্রধান খবর

সংসদে হাসনাতের বক্তব্যের তীব্র প্রতিবাদ: মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া উত্তপ্ত হয়ে উঠেছে। এর জেরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি আকস্মিক বিক্ষোভ মিছিল বের করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী ও স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ছাত্রনেতারা অভিযোগ করেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ভিত্তিহীন ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন। প্রতিবাদকারীরা অবিলম্বে এই বক্তব্যের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করার ঘোষণা দেন। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করেছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই বক্তব্যের জের ধরেই স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *