প্রধান খবর

নিজের বোলিংয়ে আত্মবিশ্বাসী মিরাজ, নজর র‍্যাংকিং ও ধারাবাহিকতায়

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে তার বোলিং পারফরম্যান্স এবং দলের লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজের ব্যক্তিগত উন্নতির জায়গাগুলো নিয়েও কথা বলেছেন তিনি।

বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে দেয়া সাক্ষাৎকারে জয়ের স্বস্তি ও র‍্যাংকিং নিয়ে নিজের ভাবনার কথা বলেন মিরাজ। বছরের শুরুটা জয় দিয়ে করতে পারায় উচ্ছ্বসিত কন্ঠে বলেন, “আলহামদুলিল্লাহ, শুরুটা আমাদের খুবই ভালো হয়েছে। যেহেতু আমরা কালকের ম্যাচটা জিতেছি, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। এ বছর আমাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনেক বেশি, আমাদের র‍্যাংকিংয়ের একটা ব্যাপার আছে।”

​মাঝখানে বোলিং নিয়ে কিছুটা সংগ্রাম করলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার চেনা ছন্দে ফিরেছেন মিরাজ। বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) ম্যাচগুলোতে নিজের ভুলগুলো নিয়ে কাজ করাটাই তাকে আত্মবিশ্বাস দিয়েছে। নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান।

“মাঝখানে বোলিং নিয়ে স্ট্রাগল করছিলাম। কিন্তু কোথায় আমার উন্নতি করতে হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। বিসিএলে দুইটা ম্যাচ খেলেছি, ওইখানে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কালকের বোলিংটা আমার অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল। বলের লাইন-লেন্থটা খুব ভালো জায়গায় ছিল।”

​তিনি আরও যোগ করেন, উইকেট ভালো হওয়ায় লাইন-লেন্থের নিয়ন্ত্রণ না থাকলে রান আটকানো এবং উইকেট বের করা কঠিন হতো।
​আগামীকালকের ম্যাচ নিয়েও নিজের কৌশলের কথা জানিয়েছেন এই অফ-স্পিনার। ট্রু উইকেটে স্পিনারদের জন্য কাজটা চ্যালেঞ্জিং হলেও নিজের শক্তির জায়গায় অটুট থাকতে চান।

মিরাজ বলেন, “একজন স্পিনার হিসেবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যে, আমি যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন-লেন্থ ঠিক রাখার চেষ্টা করি, তবে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *