জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, সংসদের বিধি অনুসারে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন। এরপর ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলতে পারে এবং পরে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে সামনে রেখে সংসদের কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার দলীয় বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

