পশ্চিম ইউরোপের দেশ সুইজারল্যান্ডে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর দ্রুত পুরো বাসটি আগুনে পুড়ে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজার্স শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকাজে অংশ নেওয়া একজন কর্মীও আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতায় বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে এবং কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুর্ঘটনায় পড়া বাসটি ডুডিনজেন পৌরসভা থেকে কেরজার্সের দিকে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছেন।

