প্রধান খবর

ঢাকা-৫ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্ট, ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে আবেদন করেন। আদালত প্রাথমিক শুনানির পর বিষয়টি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যালট ও নির্বাচনসংক্রান্ত সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেয়।

জানা গেছে, ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে এর আগে ২৫টির বেশি নির্বাচনী আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের প্রেক্ষিতে আদালত প্রয়োজনীয় নথি ও ব্যালট সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন, যাতে পরবর্তী শুনানিতে সেগুলো পর্যালোচনা করা যায়।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ ধারার অধীনে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদন শুনানি ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *