নিষিদ্ধ তামাক ও পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন (Surrogate Advertising) দেওয়ার গুরুতর অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)। ‘বিমল এলাচি’-র মাউথ ফ্রেশনার বিজ্ঞাপনের আড়ালে মূলত নিষিদ্ধ গুটখা ও পান মসলা ব্র্যান্ডেরই প্রচার চালানোর দায়ে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মহারাষ্ট্রজুড়ে তামাক ও নিকোটিনযুক্ত পান মসলার বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে রাজ্য প্রশাসন। তারই ধারাবাহিকতায় এই শীর্ষ তারকাদের আইনগত জবাবদিহির আওতায় আনা হলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অজয় দেবগনকে তাঁর জুহুর বাসভবনে এবং শাহরুখ খানকে বান্দ্রার ‘মান্নাত’-এ সরাসরি শোকজ নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে তরুণ তারকা টাইগার শ্রফকে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর ঠিকানায় নোটিশটি হস্তান্তর করা হয়।
মহারাষ্ট্র সরকারের খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী, রাজ্যজুড়ে পান মসলা উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এফডিএ-র নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এলাচির মোড়কে মূলত বিমল ব্র্যান্ডেরই প্রচারণা চালানো হচ্ছে, যা পরোক্ষভাবে নিষিদ্ধ তামাকপণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করে।
ভারতের খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন ২০০৬-এর ২৪ ও ৫৩ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো খাদ্য পণ্যের বিভ্রান্তিকর প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১০ লাখ রুপি পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। আগামী নির্ধারিত সময়ের মধ্যে এই বিজ্ঞাপনে সম্পৃক্ততার বিষয়ে তিন তারকাকেই লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

