প্রধান খবর

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস চ্যান্সেলরের কাছে ফলাফল হস্তান্তর করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ভাইস চ্যান্সেলর উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং কর্মমুখী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

সিজিপিএর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। যৌথভাবে দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

এবার সারাদেশের ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *