জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এটি বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের ফল। তাই কোনো পক্ষকে এর একক মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে শুরু হওয়া একাধিক আন্দোলন একপর্যায়ে বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়। ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও শেষ পর্যন্ত রাষ্ট্র ও সরকারব্যবস্থা জনগণের জন্য পরিচালিত হওয়া এবং নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা একসময় রাজনৈতিক মালিকানার মধ্যে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও যেন একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তরুণদের দায়িত্বের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকার পরিবর্তনই নাগরিকের দায়িত্বের শেষ নয়; সরকার গঠনের পর তাকে জবাবদিহির মধ্যে রাখাও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকার ও জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে প্রশ্ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।

